আসুন আমরা দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই … শ ম রেজাউল করিম
বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, শিক্ষক নিয়োগে ঘুষ, দপ্তরী নিয়োগে ঘুষ, স্কুলের মাঠ ভরাটের নামে প্রকল্প দিয়ে আত্মসাত, ঠিকাদারী কাজ দেয়ার নামে কর্মীদের কাছ থেকে টাকা নেয়া। এটা কোন রাজনৈতিক নেতার কাজ না। এর ভিতর থেকে এলাকার উন্নয়ন হতে পারে না। আসুন আমরা দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। আগামীতে এ অঞ্চলে যাতে করে কোন দুর্নীতিবাজ জনপ্রতিনিধি হয়ে না পারে সে জন্য আমরা সম্মিলিত ভাবে কাজ করবো। মাননীয় প্রধানমন্ত্রীও আর কোন দুর্নীতিবাজকে মনোনয়ন দেবেন না। আপনাদের সকলকে নিয়ে আমরা সম্মিলিতভাবে এ অঞ্চলের উন্নয়ন করতে পারবো।
গত শনিবার রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মুগারঝোর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ওই বিদ্যালয়ের ৪৬ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করে চলছেন, তিনি চান এ দেশটা উন্নত হোক। তিনি চান দেশের মানুষ যারা দারিদ্র সীমার নিচে রয়েছে তারা যেন ভাল অবস্থায় থাকে। তিনি চান একটি বৈষম্যমুক্ত সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে। তিনি চান দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে। তিনি চান অবহেলিত এলাকার উন্নয়ন করতে। জামায়াত-বিএনপি’র আমলে এ অঞ্চলে কোন উন্নয়ন হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যেউন্নয়নের জন্য পৃথিবীর সর্ব বৃহত্তম ও ব্যয়বহুল পদ্মাসেতুর কাজ শুরু করেছেন। যেটা ২০২০ সালের মধ্যে সম্পন্ন হবে।
শ ম রেজাউল করিম বলেন, আমাদের সন্তানরা যদি শিক্ষিত না হয়, শিক্ষার ভাল পরিবেশ না পায়। তাহলে জাতির মেধাবী সন্তান সৃষ্টি হবেনা। আগামী দিনের নেতৃত্ব সৃষ্টি হবে না। তাই সকল ভেদাভেদ ভুলে শিক্ষা প্রতিষ্ঠানকে দল মতের উর্দ্ধে রেখে কাজ করতে হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাজমুল হুদা স্বপনের সভাপত্বিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহিদুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলার সহকারি সেটেলমেন্ট অফিসার মোঃ সিদ্দিকুর রহমান, কলারদোয়ানিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলমগীর হোসেন, নাজিরপুর উপজেলা কল্যান সমিতি, ঢাকার সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ সাইদুর রহমান লকু, বৈঠাকাটা কলেজের দাতা সদস্য মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আতিয়ার রহমান চৌধুরী নান্নু, নাজিরপুর উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, সহ-সভাপতি ফারুক হাওলাদার, কবির হোসেন বাহাদুর, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হাসান ডালিম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুজন মজুমদার, সিনিয়র সহ-সভাপতি অসিরণ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক আরিফুর রহমান সবুজ প্রমুখ।
এর আগে তিনি দলীয় স্থানীয় দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়সহ উপজেলার গাওখালী বাজারে ব্যাপক গণসংযোগ করেছেন।
