দুই ছাত্র নেতা আহত
স্বরূপকাঠীতে পুলিশ ও ছাত্রলীগের বাধার মুখে বিপ্লব ও সংহতি দিবস পালন
স্বরূপকাঠী উপজেলায় ছাত্রলীগ ও পুলিশের বাধার মুখে বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জগন্নাথকাঠি দক্ষিনপাড় বন্দরে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক‘শ নেতা-কর্মী সমাবেশ করতে জড়ো হয়। এর পূর্বে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের অঙ্গসংগঠনের আয়োজিত র্যালী ও আলোচনা সভায় যোগ দিতে উপজেলা চত্বর থেকে যুবনেতা মো. মইনুল হাসান এবং স্বরূপকাঠি পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল জোবায়ের এর নেতৃত্বে একটি মিছিল এসে জড়ো হয়। এ সময় উপজেলা ছাত্রলীগের একটি ঝাটিকা মিছিল এসে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা চালায়। এতে মোঃ আবির খান নামে এক ছাত্রনেতা আহত হয়।
পরে স্বরূপকাঠি পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ সমাবেশে বক্তব্য দেয়া শুরু করলে একদল পুলিশ এসে বিএনপির নেতা কর্মীদের ধাওয়া দিলে সমাবেশ পন্ড হয়ে যায়। এতে মো. জিয়াউল হাসান নামে আরো এক ছাত্রনেতা আহত হয়।
বিএনপির সমাবেশে ছাত্রলীগ ও পুলিশি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন।
