ইন্দুরকানী-দারুল সড়ক
১৫ দিন পর পরিবহন শ্রমিকেরদের তৈরি কাঠের সেতু দিয়ে গাড়ী চলাচল
ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানীতে এলজিইডির নির্মিত জনগুরুত্বপূর্ণ ইন্দুরকানী-দারুল হুদা পাকা সড়ক বিধ্বস্ত হওয়ার ১৫ দিন পর পরিবহন শ্রমিকরা নিজেদের অর্থায়নেই কাঠের সেতু নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা চালু করেন। সড়কটি বিধ্বস্ত হওয়ার পর কোন জনপ্রতিনিধি বা কর্তৃপক্ষ সংস্কার না করায় ১৫ দিন ধরে যান চলাচল বন্ধ ছিল। যানবাহন না চলায় গাড়ী চালকসহ এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছে।
অবশেষে বৃহস্পতিবার পরিবহন শ্রমিকরা সবাই মিলে নিজস্ব অর্থায়নে কাঠ কিনে বিধ্বস্ত সড়কে সেতু নির্মাণ করে যান চলাচলের ব্যবস্থা করে। এর আগে সেতুটি বিধ্বস্ত হলে পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা ও জেলা এলজিইডির কর্তৃপক্ষের কাছে ধরণা ধরলেও কোন কাজ হয়নি। পরে শ্রমিকরা তাদের রুটি রুজির জন্য গাড়ী চালাতে নিজেরাই কাঠের সেতু নির্মাণ করেন। ইন্দুরকানী ১নং ওয়ার্ডের এলজিইডির সড়কটি পানির তোড়ে গত ১৫ দিন আগে বিধ্বস্ত হয়। ফলে স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী সহ সর্বসাধারণের চলাচলে বিঘ্ন ঘটে।
উপজেলা সহকারি প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেন জানান, জনগুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার প্রয়োজন। কিন্তু অর্থ বরাদ্ধ না থাকায় সড়কটি নির্মাণ করা সম্ভব হয়নি।
