স্বরূপকাঠিতে পুত্রবধূকে শাসন করায় মায়ের মাথা ফাটালো অবাধ্য ছেলে
স্বরূপকাঠি প্রতিনিধি :
স্বরূপকাঠিতে পুত্রবধূকে নামাজ রোজার কথা বলে মৌখিক শাসানোর প্রতিবাদে জাহানারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধ মাতার মাথা ফাটিয়ে দিয়েছে তার নেশাখোর ছেলে। বৃহস্পতিবার সকালে উপজেলার সোহাগদল গ্রামের মৃত গনি আকনের ছেলে মিজানুর রহমান হাফিজ (২৬) এ ঘটনা ঘটায়।
স্থানীয় সুত্রে জানাগেছে, কেবল মাথা ফাটিয়ে ক্ষান্ত হয়নি ওই মাতাল ছেলে। ছেলের আঘাতে রক্তাক্ত অবস্থায় দৌড়ে রুগ্ন মা জাহানারা বেগম বড় ছেলে মাছুমের ঘরে আশ্রয় নিলেও সেখানে গিয়েও মিজান মায়ের উপর চালাতে থাকে নির্মম প্রহার। এসময় ঘরের ভিতর থেকে জাহানারার কান্না শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
হাসপাতালে আহত মায়ের বেডের পাশে থাকা বড় ছেলে মাছুম বলে, তার মেজ ভাই হাফিজ উম্মাদ প্রকৃতীর লোক। সম্প্রতি তাকে বিবাহ করানো হয়েছে। ঘটনার দিন সে (বড়ভাই মাছুম) নদীতে মাছ ধরছিলেন।
ইউপি মেম্বর হাসিব মিয়া বলেন, ওই ছেলে এলাকায় একটার পর একটা ঘটনা ঘটিয়েই থাকে। কিছুদিন আগেও তার খোজে এলাকায় পুলিশ এসেছিল। তার মায়ের মাথা ফাটানোর ঘটনাটি আমি শুনেছি।
