জেলা বিএনপি’র সভাপতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে ইন্দুরকানীতে বিএনপির সংবাদ সম্মেলন
ইন্দুরকানী প্রতিনিধি :
সাবেক সাংসদ ও পিরোজপুর জেলা বিএনপি’র সভাপতি গাজী নূরুজ্জামান বাবুলকে জড়িয়ে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইন্দুরকানী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকাল ৬টায় ইন্দুরকানী উপজেলা বিএনপি ইন্দুরকানী প্রেস ক্লাব মিলনায়তনে জেলা বিএনপি’র সভাপতি গাজী নূরুজ্জামান বাবুলের বিরুদ্ধে সাংগঠনিক বিষয় নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন। “বিএনপি’র নেতৃত্বে ঘুরেফিরে বাবুল গাজী ফলাফল শূণ্য” শিরোনামে গত ১২ জুন দৈনিক প্রথম আলো পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদটি মিথ্যা, কাল্পনিক ও ভিত্তিহীন দাবি করে এতে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আলমগীর কবির মান্নু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ লতিফ হাওলাদার, জেলা বিএনপির সদস্য এ্যাড. সাইফুল ইসলাম, বালিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম সিকদার, যুগ্ন- সম্পাদক ফরিদ আহম্মেদ, উপজেলা ছাত্রদল সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক, শ্রমিক দল নেতা মিজানুর রহমান প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন বাবুল গাজী দীর্ঘ দিনের একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। দলে তার যথেস্ট অবদান রয়েছে। তার সাংগঠনিক যোগ্যতার বলে তিনি এখনো দলের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। তিনি কখনো কোন রাজনৈতিক দলের সাথে আপোষ করেননি। তাকে জড়িয়ে পত্রিকায় যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা আদৌ বাস্তবতার সাথে মিল নেই বলে দাবি করা হয়।
