প্রধান সূচি

স্বরূপকাঠীতে এক মাদ্রাসা শিক্ষকের ৫ বার দল বদল

স্বরূপকাঠী প্রতিনিধি :

স্বরূপকাঠী উপজেলার গুয়ারেখা রাব্বানিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মোঃ নুরুল ইসলাম ওরফে আলম মাষ্টার পাঁচবার রাজনৈতিক দল বদল করে ওই এলাকায় আলোচনা সমালোচনার পাত্রে পরিণত হয়েছেন।

গুয়ারেখা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম আলম মাষ্টার গত বুধবার স্বরূপকাঠিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের জনসভায় ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন। ওই জনসভার প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ হাকিম হাওলাদের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। শিক্ষক নুরুল ইসলাম আলম ভরতকাঠি গ্রামের মৃত আব্দুস সত্তার শেখের ছেলে।

গুয়ারেখার স্থানীয়রা জানান, ওই শিক্ষক ছাত্রজীবনে প্রথম স্বরূপকাঠি সরকারি কলেজে পড়ালেখার সময় জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রসমাজের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর একই এলাকার ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান মাষ্টারের হাত ধরে বিএনপিতে যোগদান করেন। ৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ. কে ফায়জুল হকের পক্ষে নির্বাচন করেন আলম মাষ্টার। ২০০১সালে বিএনপি ক্ষমতায় আসার পর তৎকালীন বিএনপির সংসদ সদস্য মোঃ শহিদুল হক জামালের সহকারী একান্ত সচিব গুয়ারেখা ইউনিয়নের বাসিন্দা নাসির ফকিরের হাত ধরে বিএনপিতে যোগ দেন। তারপর বেশ কয়েক বছর বিএনপির সাথে জড়িত থেকে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। সেই পদে থাকা অবস্থায় শিক্ষক নুরুল ইসলাম আলম গত বুধবার নতুন করে আওয়ামী লীগে যোগ দেন।

এ বিষয়ে জানার জন্য শিক্ষক নুরুল ইসলাম আলম মাষ্টারের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে, তিনি স্বীকার করে বলেন, তিনি গুয়ারেখা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পদে ছিলেন। এর আগে তিনি একবার বিশেষ পরিস্থিতিতে জাতীয়পার্টি করেছেন বলে লাইন কেটে দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial