প্রধান সূচি

মোড়েলগঞ্জে ট্রলার ডুবি ।। ৪ নারীর লাশ উদ্ধার : ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

মোঃ কামরুজ্জামান, বাগেরহাট :     

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পানগুছি নদীতে খেয়া পারাপারের ইঞ্জিনচালিত ট্রলার ডুবে ৪ নারীর মৃত্যু হয়েছে। এ সময় কমপক্ষে ৩৫ ট্রলার যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে খুলনায় মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখনও ১৫ যাত্রী নিখোঁজ রয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।

নিখোঁজদের উদ্ধারে নৌ বাহিনীর ডুবুরি দল, ফায়ার সার্ভিস, কোষ্টগার্ড, রেড ক্রিসেন্ট, থানা পুলিশসহ স্থানীয়রা কাজ করছেন।

এদিকে ট্রলার ডুবির ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মমিনুর রশীদকে প্রধান করে বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয় লোকজন ও আহত যাত্রীরা জানান, ঘটনার সময় নৌবাহিনীর একটি জাহাজ (পি-৩১২) দ্রুতগতিতে চালিয়ে গেলে ঢেউয়ের তোড়ে ট্রলারটি উল্টে ডুবে যায়। ট্রলারে কমপক্ষে ৭০/৮০ জন যাত্রী ছিলো।

মৃত অবস্থায় উদ্ধারকৃত ৪ নারী হচ্ছেন, মোড়েলগঞ্জের কালিকাবাড়ি গ্রামের মহসিন হোসেনের স্ত্রী বিউটি বেগম (৩৮), গুয়াবাড়িয়া গ্রামের হাসেম হাওলাদারের স্ত্রী পিয়ারা বেগম (৫০), চিংড়াখালী গ্রামের মৃত ইউনুস আলীর স্ত্রী সুফিয়া বেগম (৭৫) ও উত্তর ফুলহাতা গ্রামের মোয়াজ্জেম হাওলাদারের স্ত্রী নাদিরা বেগম (২০)।

অপরদিকে গুরুতর আহত অবস্থায় মোড়েলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেবেকা খাতুন (৪৮), খাদিজা বেগম (৪০), সাবেক পুলিশ সদস্য মোঃ শাজাহান তালুকদার (৬৫) ও আবুল খায়ের খোকা (৫৫)কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া মোড়েলগঞ্জ হাসপাতালে ভর্তি আছেন ফুলহাতা গ্রামের নাসিমা বেগম (৩০) ও তার ২ বছরের শিশুপুত্র।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশেদুল আলম, ফায়ার সাভিসের মোড়েলগঞ্জ ষ্টেশন কর্মকর্তা মোঃ হায়দার আলী ও উদ্ধার হওয়া যাত্রীদের নিকট থেকে পাওয়া তথ্যমতে, নাজমুল (৭), রাহাত (১০), আনছার হাওলাদার (৩৮), মোশারেফ হাওলাদার (৫০), সুলতান হাওলাদার (৪২), হাসিব (৬), নাদিরা আক্তার (১৭), সালমা বেগম (৩০), সাজ্জাদ (২), লাবনী আক্তকার (৭) ও মোড়েলগঞ্জের পরিবার পরিকল্পনা অফিসের অফিস সহায়ক মোঃ রফিক এখনো নিখোঁজ রয়েছেন।

উদ্ধারকাজে অংশ নেয়া নৌ বাহিনীর লেঃ কমান্ডার সেলিম বিশ^াস বলেন, ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে। এসময় ট্রলারে আমরা কোন মৃত দেহ পায়নি। আমাদের ডুবুরি দল ডুবে যাওয়া ট্রলারসহ আশপাশের এলাকায় মৃত দেহ উদ্ধারে খোঁজ চালিয়ে যাচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial