স্বরূপকাঠিতে এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযাগে কেন্দ্র সুপারকে জরিমানা : ৮ শিক্ষককে অব্যাহতি

স্বরূপকাঠি প্রতিনিধি :
জেলার স্বরূপকাঠিতে এসএসসি পরীক্ষায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয় উপ কেন্দ্রের সুপার প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী হাওলাদারকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বশির আহমেদ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
আজ বুধবার সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বশির আহমেদ ওই কেন্দ্রে পরিদর্শনে গেলে বিভিন্ন কক্ষে পরীক্ষার্থীদের মধ্যে নৈবর্ত্তিক প্রশ্ন সেট বিতরণে অনিয়ম দেখতে পান। অনিয়মের কারণে এসময় তিনি কেন্দ্র সুপার মোঃ লিয়াকত আলী হাওলাদারকে ২ হাজার টাকা জরিমানা করেন
এছাড়া কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনে অবহেলার কারণে শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হ্যাপি রানী মন্ডল, অসীম হালদার, পিন্টু হালদার, সিদ্ধার্থ সিকদার, অর্চনা রানী, মোঃ সামসুল হক, দৈহারী ইউ আর কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ হাফিজুর রহমান ও ঠাকুর হাওলা আমতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তরুন কান্তি মন্ডলকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার জন্য সহকারি কেন্দ্র সচিবকে নির্দেশ দেন।
সহকারি কেন্দ্র সচিব নির্মল চন্দ্র ঢালী জানান, নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নির্দেশে অভিযুক্ত শিক্ষকদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
