প্রধান সূচি

আইন নিজের হাতে তুলে নেবেন না, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন এমপির নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
মিছিলটি চিরাপাড়া অটোস্ট্যান্ডের আমতলা থেকে শুরু হয়ে কাউখালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, পিরোজপুরের জনগণ, ব্যবসায়ী ও কৃষকসমাজ শান্তির পক্ষে ঐক্যবদ্ধ। আমরা শান্তিপ্রিয় পিরোজপুর তথা বাংলাদেশে কোনো ধরনের অরাজকতা ও সহিংসতা হতে দিতে চাই না।
নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আপনাদের প্রতি অনুরোধ, কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেবেন না। প্রত্যেকে সহনশীলতার পরিচয় দেবেন।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের যেসব নেতাকর্মী নাশকতা ও সহিংস কর্মকান্ডে জড়িত ছিল, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কেউ যেন কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে। এ ক্ষেত্রে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপি অতীতেও দেশের গণতন্ত্র রক্ষায় বিভিন্ন আন্দোলন ও সংকটের সময় নেতৃত্ব দিয়েছে। ভবিষ্যতেও দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদসহ উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিছিলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial