কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি
পিরোজপুরের কাউখালীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাস।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ধাবড়ী ইউনিয়নের ৫৫নং আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। গত ২৭ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে বিদ্যালয় ছুটির পর শিক্ষকরা বিদ্যালয় ত্যাগ করেন।
আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, অজ্ঞাতনামা চোরেরা বিদ্যালয়ের একটি ফ্যান, একটি ঘন্টা, দুটি ফুটবল ও একটি টিউবওয়েল নিয়ে গেছে। এছাড়া বিদ্যুতের লাইন কেটে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাস জানান, চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। বিষয়টি জানতে পেরে তিনি কাউখালী থানায় উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করি।
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
