কাউখালীকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো : মহিউদ্দিন মহারাজ এমপি
পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ বলেছেন, বিগত দিনে কাউখালীতে উন্নয়নের বৈষম্য হয়েছে। এ উপজেলায় তুলনামূলকভাবে রাস্তাঘাটসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ কম হয়েছে। আমি অবহেলিত কাউখালী উপজেলায় অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কাজ করবো। আমার দ্বারা কোন বৈষম্য হবে না। সকলের সহযোগিতায় কাউখালীকে একটি আধুনিক স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো। এলাকার সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে শতভাগ উন্নয়ন সম্ভব হবে।
বুধবার দুপুরে পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে কাউখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ পরবর্তী উপজেলা পরিষদের প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু’র সভাপতিত্বে এবং কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মো. স্বজল মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এ কে এম আব্দুস শহীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা সোম রানি দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু, জাহাঙ্গীর হোসেন, গাজী সিদ্দিকুর রহমান, সদ্য সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আরা হাদিয়া।
