কাউখালীতে ভুয়া এসআই আটক
পিরোজপুরের কাউখালীতে দ্বীপ পাল (২২) নামে পুলিশের এক ভুয়া এসআইকে আটক করেছে কাউখালী থানা পুলিশ। আটককৃত দ্বীপ পাল বরিশাল জেলার আগৈলঝাড়ার উত্তর শিহি পাশা গ্রামের গৌরঙ্গ পালের ছেলে।
পুলিশ জানায়, বরিশাল-পিরোজপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী (বেকুটিয়া সেতু) সেতুর বেকুটিয়া প্রান্তের পূর্ব পাশের ঢালে শুক্রবার বিকেলে পুলিশের এসআই আসাদ মুরাদ পরিচয়ে একটি ভুয়া ভিজিটিং কার্ড দিয়ে ভয়ভীতি দেখিয়ে মোটর সাইকেল, পিকআপসহ বিভিন্ন ধরণের গাড়ি তল্লাশি ও চাঁদাবাজি করার সময় এলাকাবাসীর সন্দেহ হলে কাউখালী থানা পুলিশকে খবর দেয়। কাউখালী থানার এসআই কামরুল ইসলাম অভিযান চালিয়ে উক্ত ভুয়া পুলিশকে আটক করে। এ সময় তার কাছে জানতে চায় কোন থানা সে ডিউটি করে, তখন ভুয়া পুলিশ দ্বীপ পাল জানায় সে কাউখালী থানার পার্শ্ববর্তী নেছারাবাদ থানার এসআই আসাদ মুরাদ। কাউখালী থানা পুলিশের সন্দেহ হলে তাৎক্ষণিক নেছারাবাদ থানায় যোগাযোগ করলে তারা জানায় আসাদ মুরাদ নামে এক এসআই নেছারাবাদ থানায় আছে। তবে বর্তমানে সে অসুস্থ এবং ছুটিতে আছে। তখন ওই ভুয়া পুলিশকে চ্যালেঞ্জ করলে একপর্যায়ে সে তার নাম ঠিকানা বলে। এ সময় তাকে তল্লাশী করে সিআইডি লোগো লাগানো একটি মোবাইল ফোন জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। জাতীয় পরিচয়পত্রে তার নাম লেখা দীপ পাল।
কাউখালী থানার ওসি মো. হুমায়উন কবির বলেন, এ বিষয়ে কাউখালী থানায় একটি মামলা হয়েছে। আটককৃতকে শনিবার পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
