কাউখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা
‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ শ্লোগানে ২৪ জুলাই থেকে ৩০ জুলাই সারাদেশে পালিত হবে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা মৎস্য দপ্তর।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান।
মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা জাতীয় মৎস্য সপ্তাহ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত বক্তব্য দেন। সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে প্রচার-প্রচারণা ও মাইকিং, র্যালি, আলোচনা সভা, পোনামাছ অবমুক্তকরণ, মৎস্যখাতে সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, মাছ চাষ বিষয়ে বিশেষ পরামর্শ প্রদান, পুকুর ও জলাশয়ের ভৌত রাসায়নিক পরীক্ষা, সুফলভোগীদের মাঝে প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ।
