কাউখালীতে অটোরিকশা চাপায় শিশু নিহত
পিরোজপুরের কাউখালীতে ফুফু বাড়িতে বেড়াতে এসে অটোরিকশা চাপায় মো. জাবের (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন টিএন্ডটি’র সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
শিশু জাবের শিয়ালকাঠী গ্রামের চৌ-রাস্তা এলাকার সৌদি প্রবাসী মো. ইমাম হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, নিহত শিশুটি শুক্রবার বিকেলে ফুফুর বাসা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার থেকে পাশেই টিএন্ডটি’র সামনে অন্য ফুফুর বাসায় যাবার পথে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় জাবেরকে উদ্ধার করে সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ্যাম্বুলেন্সযোগে বরিশাল নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
