কাউখালীতে দুটি ট্রলারকে ৪০ হাজার টাকা জরিমানা
পিরোজপুরের কাউখালীতে এমভি হাজী ফরকান-২ এবং এমভি আরাফাত নামের দুটি পণ্যবাহী ট্রলারকে গাবখান নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় আটক করে কোস্টগার্ড।
এ সময় ট্রলার দুটির মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স, পর্যাপ্ত সরঞ্জামাদি না থাকা এবং অগ্নিনির্বাপন ব্যবস্থা না রাখার দায়ে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা এ জরিমানার আদেশ দেন।
জানা গেছে, রবিবার দুপুরে ভ্রাম্যমান আদলতের নেতৃত্বে গাবখান নদীতে কোস্টগার্ড সদস্যরা টহল দিচ্ছিলেন। এসময় মংলা থেকে চট্টগ্রামগামী দুটি পণ্যবাহী ট্রলারে তল্লাশি করে কোস্টগার্ড। মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স ও অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকা এবং পর্যাপ্ত সরঞ্জামাদি না থাকায় ট্রলার দুটি আটক করে। পরে ভ্রাম্যমান আদলত বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-নিরাপত্তা আইনের ১৯৭৬ সালের বিভিন্ন ধারায় দুটি ট্রলারকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।
