কাউখালীতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন
নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবীতে পিরোজপুরের কাউখালী উপজেলার স্বাস্থ্য সহকারীরা দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন।
শনিবার দ্বিতীয় দিনে সকাল ৮টা থেকে বিকেল ২টা পর্যন্ত কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কর্মসূচি পালন করেন স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, দাবী বাস্তবায়ন কমিটির আহবায়ক শহিদুজ্জামান, সদস্য সচিব আল-মামুন, কমিটির সদস্য রনি খান, রফিকুল ইসলাম ও আনোয়ার কবীর।
বক্তরা বলেন, নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬ থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীত করতে হবে।
দাবী বাস্তবায়ন না হলে আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম থেকেও স্বাস্থ্য সহকারীরা বিরত থাকবেন বলে কর্মসূচিতে ঘোষণা দেওয়া হয়।
