প্রধান সূচি

মুজিববর্ষ উদযাপনে প্রস্তুত দেশ

আগামীকাল ১৭ মার্চ, মঙ্গলবার সেই মাহেন্দ্রক্ষণ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। করোনাভাইরাসের কারণে সীমিত আকারে আগামীকাল ১৭ মার্চ ‘মুজিববর্ষ’ উদযাপনের সূচনা ঘটানো হলেও আরেকটি উৎসবের অপেক্ষায় থাকবে গোটা জাতি। আপাতত জনসমাবেশ এড়িয়ে দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন হলেও সর্বত্র থাকবে প্রাণের ছোঁয়া।

১৯২০ সালের ১৭ মার্চ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম গ্রহণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ বছর তার শতবর্ষপূর্তি হতে যাচ্ছে। এই দিনটি উদযাপনে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরব্যাপী বর্ণাঢ্য আয়োজনের  ঘোষণা দিয়েছিলেন গত বছরই। মুজিব শতবর্ষকে ঘিরে এ বছরের ১৭ মার্চ থেকে আগামী বছরের ২৬ মার্চ পর্যন্ত  ‘মুজিববর্ষ’ উদযাপনের ওই ঘোষণা দেওয়া হয়।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি গঠন করে দেশজুড়ে নানা আয়োজনের মহাপরিকল্পনা নেওয়া হয়েছিল। আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠন ছাড়াও বেসরকারি পর্যায়েও ছিল ব্যাপক ও বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি। তবে বাংলাদেশসহ বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সার্বিক বিশ্ব পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং জনস্বাস্থ্যের স্বার্থে প্রধানমন্ত্রীর নির্দেশে মুজিববর্ষের আয়োজন পুনর্বিন্যাস করা হয়। জনসমাবেশ এড়াতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে জাতীয় প্যারেড গ্রাউন্ডের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানসহ অনেক কর্মসূচি আপাতত স্থগিত করা হয়। অনেক কর্মসূচিতে কাটছাঁট করে সীমিত আকারে আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়। আজ থেকে জনসমাবেশ এড়িয়ে সেসব কর্মসূচির সূচনা ঘটতে যাচ্ছে। তবে পরিস্থিতির উত্তরণ হলে সুবিধাজনক সময়ে বর্ণাঢ্য আয়োজনের কথাও জানিয়ে রাখা হয়েছে।

এর আগে গত ১০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল ‘মুজিববর্ষের’ ক্ষণগণনা। ওই দিন জাতীয় প্যারেড গ্রাউন্ডে এর আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকেই চলছে এই ক্ষণগণনা, যার পরিসমাপ্তি ঘটবে আজ মঙ্গলবার। ঢাকাসহ দেশের বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ স্থানে ডিজিটাল ঘড়ি বসিয়ে এই ক্ষণগণনা কার্যক্রম চলছিল।

মুজিব জন্মশতবর্ষের পুনর্বিন্যাসকৃত কর্মসূচি অনুযায়ী আজ মঙ্গলবার রাত ৮টায় বঙ্গবন্ধুর জন্মক্ষণে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আতশবাজি উৎসবের মাধ্যমে জন্মশতবার্ষিকীর মূল আয়োজনের সূচনা ঘটবে। ওই সময় (রাত ৮টা) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতির উদ্দেশে ভাষণের পরপর আতশবাজি কর্মসূচির উদ্বোধন করবেন। এ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দেবেন। জনসমাগম ছাড়া দেশ-বিদেশের অগণিত মানুষ যেন উদ্বোধনী আয়োজনে সম্পৃক্ত হতে পারেন, সে লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনসহ সব বেসরকারি টিভি চ্যানেল, অনলাইন মিডিয়া এবং সব ধরনের সোশ্যাল মিডিয়ায় উদ্বোধনী অনুষ্ঠান একযোগে সম্প্রচার করবে। জনসাধারণের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এটি করা হবে। সারাদেশেও একই সময় আতশবাজি উৎসব হবে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় আয়োজন করবে আলাদা আলাদা কর্মসূচি। আওয়ামী লীগ রাত ৮টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয় ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আতশবাজিসহ দেশজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘মুজিববর্ষ’ উদযাপন করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ছাড়াও সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলও কর্মসূচিতে যোগ দেবে।

মুজিববর্ষের সূচনা দিনে পিরোজপুরে রয়েছে নানা আয়োজন। এর মধ্যে ১৭ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, সকাল ৯ টায় সিও অফিস মোড়ের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, বিভিন্ন প্রতিষ্ঠানে কেক কাটা ও মিষ্টি বিতরণ, দুপুরে, শিশু পরিবার, এতিমখানা, হাসপাতাল, কারাগার এবং দরিদ্র জনগোষ্ঠীর মাঝে উন্নতমানের খাবার পরিবেশন। মসজিদ, মন্দির ও গির্জাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা।

এছাড়া, ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলায় আলাদা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial