প্রধান সূচি

জিয়নগরে ছাত্রদল নেতার হেফাজত থেকে চোরাই বিটুমিন উদ্ধার

পিরোজপুরের জিয়ানগর (ইন্দুরকানী) উপজেলায় সাবেক ছাত্রদল নেতার হেফাজত থেকে ৫৮ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করেছে ঝালকাঠী সদর থানার পুলিশ।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠী সদর থানার এসআই আসাদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে জিয়ানগরের সেউতিবাড়ীয়া গ্রাম থেকে জিয়ানগর সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মেসার্স পলাশ এন্টারপ্রাইজের ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের হেফাজত থেকে বিটুমিন উদ্ধার করা হয়। তবে শাকিল মাহমুদ পলাশের দাবী উক্ত বিটুমিনের ৪০ ব্যারেল তার কেনা, যার কাগজ রয়েছে। বাকী ১৮ ব্যারেল কে বা কারা রেখেছে তা তিনি জানেন না।
জানা যায়, ঝালকাঠী জেলা সদরের শ্যাডো কনষ্ট্রাকশনের মালিক মেজবা উদ্দিন মিন্টু গত ২৭ ফেব্রুয়ারী চট্টগ্রামের রফিক এন্টারপ্রাইজ থেকে রাস্তার কাজের জন্য ২৫ ব্যারেল বিটুমিন ক্রয় করেন। গত ২ মার্চ ঝালকাঠী থেকে উক্ত বিটুমিন চুরি হয়ে যায়। এ ব্যাপারে ঠিকাদার মেজবা উদ্দিন বাদী হয়ে ৫ মার্চ ঝালকাঠী সদর থানায় একটি চুরি মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুল ইসলাম সিসিটিভির ফুটেজ থেকে চোরাইকৃত বিটুমিনের ব্যারেল পরিবহনের ট্রাক সনাক্ত করে ট্রাক চালককে আটক করে। পরে ট্রাক চালকের দেওয়া তথ্যমতে শনিবার রাতে এ চোরাই বিটুমিন উদ্ধার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুল ইসলাম জানান, সিসিটিভির ফুটেজ থেকে একজনকে সনাক্ত করে তার দেওয়া তথ্যমতে জিয়ানগরের সেউতিবাড়ীয়া গ্রাম থেকে মেসার্স পলাশ এন্টারপ্রাইজের ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের হেফাজত থেকে ৫৮ ব্যারেল বিটুমিন উদ্ধার করা হয়েছে।
মেসার্স পলাশ এন্টারপ্রাইজের ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদার জানান, উদ্ধার করা ৫৮ ব্যারেল বিটুমিনের মধ্যে ৪০ ব্যারেল বিটুমিনের কাগজপত্র তিনি দেখাতে পারবেন। বাকি ১৮ ব্যারেল তার বিটুমিনের সাথে কে বা কারা রেখেছে তা তিনি জানেন না।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial