থানায় মামলা হয়নি এখনও : হামলায় জড়িত সন্দেহে আটক-১
পিরোজপুরে সন্ত্রাসী হামলায় আহত বিএনপি নেতা নাসির মল্লিক ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মহিউদ্দিন মল্লিক নাসিরকে আশংকাজনক অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাকে ২য় বার অস্ত্রপচার করা হয়েছে। সোমবার রাতে তাকে ১ম দফায় অস্ত্রপচার করা হয়। এর আগে সোমবার বিকেলে তাকে খুলনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হয়।
এদিকে, বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় জনতা মঙ্গলবার তাকরিমুল হক (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক তাকরিমুল ইন্দুরকানী উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মাওলানা সাইফুল ইসলামের ছেলে। হামলার ঘটনায় থানায় এখনও কোন মামলা হয়নি।
ইন্দুরকানী থানার ওসি মো. শামীম হাওলাদার জানান, বিএনপির নেতার ওপর হামলার ঘটনায় থানায় এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। কেউ মামলা করতে আসেনি। তবে স্থানীয় উত্তেজিত জনতা হামলার ঘটনার সাথে জড়িত সন্দেহে মঙ্গলবার একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ হামলার ঘটনার বিষয়ে ব্যাপক তদন্ত করছে এবং ঘটনার সাথে জড়িতদের চিহিৃত করে গ্রেফতারের চেষ্টা করছে।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারী রাত ১১টার দিকে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসষ্ট্যান্ড এলাকায় সন্ত্রাসীরা তার ওপর হামলা করে এলাপাথারী কুপিয়ে তাকে মারাত্মক জখম করে। তার ঘাড়, পা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৮ থেকে ১০টি মোটর সাইকেলে করে এসে রাতের আধারে সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। এসময় তার ভাতিজা ও ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মল্লিক নিপুকেও কুপিয়ে আহত করে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিৎিসা শেষে রাতেই তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতারে প্রেরণ করা হয়। নিপু বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, বিএনপি নেতা মহিউদ্দিন মাল্লক নাসির ও তার ভাতিজা নিপুর ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত পরাজিত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। তারা হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
