প্রধান সূচি

নির্বাচনী খরচ না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দায়িত্ব ছাড়লেন বিএনপির নারী নেত্রী

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বিএনপি দলীয় এক নারী নেত্রী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি হলেন পিরোজপুর জেলা জাতিয়তাবাদী মহিলা দলের সদস্য সুলতানা রাজিয়া। নির্বাচনী সেন্টারের খরচ না পেয়ে হতাশ হয়ে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
সুলতানা রাজিয়া পিরোজপুর জেলা মহিলা দলের একজন সদস্য। তিনি পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের জলাবাড়ি, সুটিয়াকাঠি ও গুয়ারেখা ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির ৩ নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘জলাবাড়ি, সুটিয়াকাঠি, গুয়ারেখা ইউনিয়নের নির্বাচন পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম। সামর্থ্য অনুযায়ী খরচ করেছি। আর ক্ষমতা নাই। কারো কোনো সহযোগিতা পাইনি।’
এ বিষয়ে সুলতানা রাজিয়া বলেন, আমি নিজের টাকা-পয়সা খরচ করে নির্বাচন পরিচালনার কাজ করেছি। এখন আর পারছি না। আমাদের কোনো খরচ দেওয়া হচ্ছে না। তাই অত্যন্ত কষ্টের সঙ্গে স্বেচ্ছায় নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি। তবে যতদিন বেঁচে আছি, বিএনপি করে যাব।
এ বিষয়ে নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল বেরুনী সৈকত বলেন, মূলত সব ইউনিয়ন থেকে মহিলা নেত্রীদের একটি তালিকা ও কাগজপত্র দিতে হবে। এরপর ন্যূনতম একটি সেন্টার খরচ দেওয়া হবে। হয়তো কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি আমরা দেখছি।
এদিকে, ঘটনাকে ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial