বাংলাদেশের ছাত্রজনতার রক্তের বিনিময়ে আনা বিপ্লব ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে : মাওলানা মামুনুল হক
বাংলাদেশ খেলাফতে মজলিসের আমীর ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশের ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য পরাজিত শক্তিগুলো নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
শনিবার পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী শামীম সাঈদীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মামুনুল হক বলেন, আজ আমরা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। যে ঐক্য আমরা গড়ে তুলেছি, তার মূল ভিত্তি হলো বাংলাদেশকে ভালোবাসা। এই ঐক্যের লক্ষ্য হচ্ছে দুর্বৃত্তপনা, গুন্ডামি, চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি বন্ধ করা। এই রাজনীতির কারণেই স্বাধীনতার ৫৪ বছর পরও বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি।
তিনি বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে, সেটিকে ব্যর্থ করার জন্য পরাজিত সব শক্তি আজ ঐক্যবদ্ধ। কেউ প্রকাশ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের কথা বলছে, আবার গোপনে ‘না’ ভোটের আহ্বান জানাচ্ছে। এরা মুনাফিক। বাংলার মানুষ জানতে চায়, কারা জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং কারা আবার ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায়।
প্রয়োজনে আবার আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কারও যদি মনে হয় জুলাইয়ের আওয়াজ থেমে গেছে, তারা বোকার স্বর্গে বাস করছে। প্রয়োজনে আবার জুলাই হবে, আবার বিপ্লব হবে, আবার রাজপথে স্লোগান উঠবে, ‘ইনকিলাব জিন্দাবাদ, দিল্লি না ঢাকা’।
মাওলানা মামুনুল হক আরও বলেন, বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন, ‘কোরআনের পাখি’ খ্যাত আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী বিশ্ব দরবারে বাংলাদেশের জন্য এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলতে তাঁর অবদান অবিস্মরণীয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে তিনি ছিলেন সবার কাছে গ্রহণযোগ্য। আজ আল্লামা সাঈদীর দুই পুত্র পিরোজপুরের দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। তাদের বিজয়ের মাধ্যমে সংসদে পাঠানো হলে, আল্লামা সাঈদীর প্রতি জাতির যে ঋণ রয়েছে, তার কিছুটা হলেও শোধ করা সম্ভব হবে।
তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলার মানুষ আজ আত্মবিশ্বাসী ও সচেতন। তারা যেকোনো দেশি-বিদেশি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি রাখে। দেশপ্রেম ও ইসলাম আজ এক মোহনায় মিলিত হয়েছে। আমরা ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছি।
সভায় পিরোজপুর-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শামীম সাঈদী বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কুরআনের কথা বলতেন। তিনি কোন দুর্নীতি করেননি। তাকে বিনাদোষে ফাঁসির রায় দিয়ে ১৩ বছর কারাগারে বন্দি করে রেখে মেরে ফেলা হয়েছে। তিনি যে নির্দোষ ছিলেন তার স্বপক্ষে আপনাদের একটি সত্যের স্বাক্ষ্য চাই।
সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন হেলাল, পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ তফাজ্জেল হোসেন ফরিদ, পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী।
