প্রধান সূচি

মঠবাড়িয়ায় জামাই খুনের দুইমাস পর স্ত্রী ও শালিকা গ্রেফতার

মঠবাড়িয়া প্রতিনিধি :

শ্বশুর বাড়িতে আল আমিন হাওলাদার(২৬) নামের এক যুবকের খুনের ঘটনায় দায়েরকৃত মামলায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় থানা পুলিশ স্ত্রী পলি আক্তার (২২) ও শালিকা ডলি আক্তার (২০)কে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী বামনা থানার অযোধ্যা গ্রামের পলির খালা বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মামলা ও পারিবারিক সূত্রে জানাগেছে, মঠবাড়িয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের সবুজ নগর এলাকার আবু হানিফ হাওলাদারের পুত্র আল আমীনের সাথে প্রায় সাড়ে তিন বছর পূর্বে ঘোষের টিকিকাটা গ্রামের সৌদি প্রবাসী ফুল মিয়ার মেয়ে পলি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর শ্বশুর ফুল মিয়া জামাই আল আমীনকে বিদেশে পাঠানোর কথা বলে তিন লাখ টাকা নগদ গ্রহণ করে। কিন্তু বিদেশে না পাঠানোয় আল আমীনের সাথে শ্বশুরের বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধ চলাকালে স্ত্রী পলি আক্তারকে সবুজ নগরে শ্বশুর বাড়ি তুলে নেয়া হলেও কিছুদিন পর স্ত্রী বাবার বাড়ি চলে আসলে আল আমিনের সাথে পলির যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। কয়েক মাস পর পুনরায় তাদের মধ্যে সম্পর্কের সৃষ্টি হলে আল আমীন ঘোষের টিকিকাটা গ্রামে শ্বশুর বাড়িতে থাকতে শুরু করে। এর মধ্যে প্রবাসী শ্বশুর বাড়িতে এলে ওই পাওনা টাকা নিয়ে শ্বশুর-জামাই পুণরায় বাক-বিতান্ডা হয়। এঘটনার জের ধরে গত ৬ এপ্রিল ২০১৭ গভীর রাতে শ্বশুর বাড়িতে বসে শ্বশুর, স্ত্রী, শাশুড়িসহ অন্যান্য আসামীরা মিলে আল আমিনকে মারধর করে গুরুতর আহত করে মুখে বিষ ঢেলে দেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বারিশাল সেবাচিম হাসপাতালে আল আমিন মারা যায়। এঘটনায় বরিশাল কোতয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা হয়।

পরে লাশের ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যা প্রমানিত হওয়ায় নিহত আল আমীনের মা সুফিয়া বেগম বাদী হয়ে গত ১ জুন ছেলেকে হত্যার অভিযোগে ৭ জনকে আসামী করে বরিশাল কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মঠবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম) জানান, নিহত আল আমিনের লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যা মামলা রেকর্ড করা হয়। বৃহস্পতিবার অভিযান চালিয়ে স্ত্রী ও শালিকাকে গ্রেফতার করা হয়। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial