স্বরূপকাঠিতে অবৈধ বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে নার্সারী মালিকের মর্মান্তিক মৃত্যু
স্বরূপকাঠি প্রতিনিধি :
স্বরূপকাঠি উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগে জড়িয়ে মোঃ শহিদুল ইসলাম (৩৬) নামে এক নার্সারী ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শহিদুল ইসলাম ওই গ্রামের আঃ মজিদ মিয়ার ছেলে। ঘটনায় নিহত শহিদুলের ময়নাতদন্ত ছাড়াই স্থানীয় দু‘জনের মিমাংসায় ওই দিন রাতেই লাশ দাফন করা হয়েছে বলে জানাগেছে।
তবে পুলিশের পক্ষ থেকে জানাগেছে, থানায় কোন অভিযোগ না দেওয়ায় লাশ ময়নাতদন্ত হয়নি। গত বৃহস্পতিবার দুপুরে দিকে শহিদের নিজ নার্সারীর উপর দিয়ে বয়ে যাওয়া নার্সারীতে বসেই ওই অবৈধ বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটে।
নেছারাবাদ থানার ওসি তদন্ত মোঃ সহিদুল ইসলাম জানান, এ ঘটনায় কারো পক্ষ থেকে কোন অভিযোগ না দেওয়ায় থানায় একটি ইউডিডি মামলা হয়েছে।
স্থানীয় বিভিন্নজনের সূত্রে জানা যায়, ইউনিয়নের মাহমুদকাঠির মো. রুহুল আমীন ও সংগীতকাঠি, হরিহরকাঠি গ্রামের মাহবুব, শাহিন এবং ইব্রাহীম হোসেন মিলে সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ নান্টু মিয়ার বাড়ী এলাকায় একটি মুরগী ফার্ম গড়ে তুলেছে। সেখানে বিদ্যুতের জন্য ওই নার্সারী মালিক শহিদুল ইসলামের নার্সারীর মধ্যে থেকে একটি অবৈধ বিদ্যুৎ সংযোগ টানা হয়। ঘটনার দিন দুপুরে শহিদুল কাজের জন্য নার্সারীর নার্সারীতে যায়। সেখানে নিচু হয়ে যাওয়া ওই বিদ্যুতের সংযোগে পেচিয়ে নিজ নার্সারীর মধ্যেই অভাগা শহিদুলের মর্মান্তিক মৃত্যু ঘটে।
সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ নান্টু মিয়া বলেন, ওখানে স্থানীয় মাহবুব, শাহিন, রুহুল আমীন ও ইব্রাহীমের একটি যৌথ মুরগীর ফার্ম ছিল। ফার্মে বিদ্যুৎ ব্যাবস্থার জন্য শহিদের নার্সারীর পাশ দিয়ে একটি সাইড কানেকশন নেওয়া হয়। ঘটনার দিন ঝড়োবাতাসে ওই বিদ্যুতের সংযোগটি নিচু হয়ে যাওয়ায় শহিদ নার্সারীতে গিয়ে বিদ্যুতায়িত হয়।
স্বরূপকাঠি পল্লি বিদ্যুশাখার জুনিয়ার ইঞ্জিনিয়ার নরউত্তম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটে মুসলিমপাড়া গ্রামের মোঃ শহিদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনাস্থলে গিয়ে আমরা জানতে পারি ওই সংযোগটি ছিল অবৈধ। এব্যাপারে আমি উর্ধ্বতনকে রিপোর্ট করবো।
আটঘর কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার জানান, উপজেলার পল্লি বিদ্যুৎশাখার কর্তৃপক্ষের অবহেলায় তার ইউনিয়নে অনেকে এভাবে মুরগীর ফার্মসহ বিভিন্ন ব্যবসার কাজে অবৈধ সংযোগ নিয়ে ব্যবহার করছে। কর্তৃপক্ষ ওইসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে বৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যাবস্থা করতে পারলে দেশ ও দশের সবার জন্যই উপকার হবে বলে আমি মনে করি।
