স্বরূপকাঠীতে সেফটি ট্যাংকে নেমে রাজমিস্ত্রীর মৃত্যু : হাসপাতালে সহযোগী
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের সেফটি ট্যাংকের ভেতরে নেমে মো. মনির শেখ (৪২) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা মো. কুদ্দুস (৭০) নামে অপর এক শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ী গ্রামের তারা মিয়ার ভবনে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির শেখ জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের ফলনী গ্রামের মো. আব্দুল জলিল শেখের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে মনির শেখের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী রাজমিস্ত্রী মো. শাহ আলম জানান, মনির শেখ ও তার সহযোগী কুদ্দুস রাজাবাড়ী গ্রামের তারা মিয়ার বাড়ির সেফটি ট্যাংকের কাজ করছিলেন। মঙ্গলবার সকালে ট্যাংকটির ঢাকনা খুলে ভেতরের ঢালাইয়ের সেন্টারিং খুলতে মনির প্রথমে ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। পরে কুদ্দুসও সেখানে নামেন। এসময় শাহ আলমসহ অন্য শ্রমিকরা পাশের একটি ভবনে কাজ করছিলেন। তিনি বলেন, হঠাৎ চিৎকার শুনে তারা ছুটে গিয়ে দেখেন, সেফটি ট্যাংকের ভেতরে দু’জনই অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে কয়েকজন মিলে ট্যাংকের ভেতরে প্রবেশ করে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মনির শেখকে মৃত ঘোষণা করেন। কুদ্দুসকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের বাবা মো. আব্দুল জলিল শেখ বলেন, সকালে তার ছেলে রাজাবাড়ীর তারা মিয়ার ভবনের সেফটি ট্যাংকের ভেতরে কাজ করতে নেমেছিলেন। সেখানে ভিতরে নেমে শ্বাস বন্ধ হয়ে তার ছেলে ও তার সহযোগী অচেতন হয়ে পড়েন বলে তিনি জানতে পেরেছেন। পরে হাসপাতালে নেওয়া হলে তার ছেলের মৃত্যু হয়। নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, সেফটি ট্যাংকের ভেতরে নেমে মনির শেখ অচেতন হয়ে মারা গেছেন বলে শুনেছেন। তার সঙ্গে থাকা অপর ব্যক্তিও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মনির শেখের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
