মঠবাড়িয়ায় বেইলি ব্রিজ ভেঙে আলু বোঝাই ট্রাক খালে : যান চলাচল বন্ধ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা ইউনিউয়নে বেইলি ব্রিজ ভেঙে আলু বোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। এতে পাথরঘাটার সঙ্গে ঢাকা, বরিশাল, খুলনাসহ বেশ কয়েকটি রুটের সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের দেবীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ঢাকা থেকে আলু বোঝাই একটি ট্রাক মঠবাড়িয়ার উদ্দেশ্যে রাত দেড়টার দিকে দেবীপুর এলাকায় পৌঁছায়। ট্রাকটি বেইলি ব্রিজ অতিক্রম করার সময় হঠাৎ ব্রিজটি ধসে পড়ে। এ ঘটনায় সড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
বেইলি ব্রিজটি দেবীপুরসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে মোটর সাইকেল, অটোরিকশা, পিকআপভ্যানসহ বিভিন্ন যানবাহনের চালক এবং অসংখ্য পথচারী দুর্ভোগে পড়েছেন। ব্রিজটি বন্ধ থাকায় বিকল্প পথে চলাচল করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ, ফলে সময় ও খরচ দুটোই বেড়ে গেছে।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানান, ঢাকা-পাথরঘাটা সড়কে আলুবাহী একটি ট্রাক আনুমানিক রাত দেড়টার দিকে বেইলি ব্রিজে উঠলে ওভার লোডের কারণে ভেঙে পড়ে। ফলে ঢাকা-বরিশাল, চট্টগ্রাম, খুলনা জেলার সঙ্গে মঠবাড়িয়ার সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যত দ্রæত সম্ভব ব্রিজটি মেরামতের ব্যবস্থা করা হচ্ছে।
