পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রপাতে কৃষক নিহত
পিরোজপুরের মঠবাড়িয়ায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে ছোয়ারাব জোমাদ্দার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সোনাখালী এলাকার ডা. রুস্তম আলী ফরাজি কলেজ সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে। নিহত ছোয়ারাব জোমাদ্দার ওই এলাকার মৃত হাসেম জোমাদ্দারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে আকস্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ছোয়ারাব জোমাদ্দার বাড়ির অদূরে ডা. রুস্তম আলী ফরাজি কলেজ সংলগ্ন মাঠে নিজের গরু খুঁজতে যান। মাঠে পৌঁছানো মাত্রই তার ওপর প্রচন্ড গতিতে একটি বজ্রপাত পতিত হয়। এতে তিনি ঝলসে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার সৌমিত্র সিনহা রায় বলেন, বজ্রপাতে আক্রান্ত হয়ে ছোয়ারাব নামে একজনকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আসার পূর্বেই তিনি মারা যান। সরাসরি তার শরীরে বজ্রপাত পড়ে। পরবর্তীতে তাকে পরিবারের লোকজন বাড়িতে নিয়ে যান।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, বজ্রপাতে কোন নিহতের ঘটনা জানি না। যদি পরিবার নিহতের বিষয়ে কোনো অভিযোগ দেয় তাহলে মঠবাড়িয়া থানা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
