মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ
পিরোজপুরের মঠবাড়িয়ায় মাত্র ৬ দিনের ব্যবধানে রশিদ বেপারী (৫০) ও সাগর হাওলাদার (৩০) নামে আবারও দুইজন খুন হয়েছেন।
শনিবার রাতে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রশিদ বেপরী দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের মৃত নূর মোহাম্মদ বেপারী ছেলে ও সাগর হাওলাদার একই গ্রামের মো. নুরুজ্জামান হোসেন কালু হাওলাদারের ছেলে।
এছাড়া একই সাথে শনিবার রাত থেকে ইউসুফ প্যাদা (৪৫) নামে একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ইউসুফ ওই গ্রামের আব্দুস ছত্তার প্যাদার ছেলে। একই রাতে দুইজন খুন এবং একজন নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
নিহত রশিদ বেপারীর মেয়ে রোজিনা জানান, শনিবার রাত ১১টার দিকে তার বাবাকে এক ব্যক্তি ফোন দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পরে রবিবার সকালে বাড়ি থেকে কিছু দূরে হাজী আনোয়ার হোসেন এর মক্তব মাদ্রাসার বারান্দায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাদের খবর দেন।
অপর দিকে, নিহত সাগরের ভাই রাজু জানান, তার ভাইকে হত্যা করে শনিবার রাত ১টার দিকে বসতঘরের পিছনে কে বা কারা ফেলে রেখে যায়। এসময় ডাক দিয়ে বলে তোর ভাইকে রেখে গেলাম নিয়া যা। পরে রাজু ঘর থেকে নেমে দেখে শরীরে কাঁদা মাখা অবস্থায় সাগরকেকে ফেলে রেখে গেছে।
স্থানীয়রা জানান, নিহত রশিদ বেপারী পেশায় একজন কৃষক ছিলেন এবং রাজু ভাড়ায় চালিত মোটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতো। এছাড়া নিখোঁজ ইউসুফ প্যাদা পেশায় একজন ব্যবসায়ী।
দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের চৌকিদার আব্দুল হক জানান, নিহত রশিদ বেপারী, সাগর হাওলাদার ও নিখোঁজ ইউসুফ প্যাদা এলাকার শান্তশিষ্ট লোক ছিল। কি কারণে দুইজন হত্যার শিকার এবং একজন নিখোঁজ হলো বুঝে উঠতে পারছিনা।
এদিকে, রবিবার সকালে খবর পেয়ে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তীসহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যার রহস্য উদঘাটনে সিআইডির একটি টিম নিহতদের নমুনা সংগ্রহ করেছেন।
মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে থানা পুলিশ ও সিআইডি কাজ করছে।
উল্লেখ্য, এর আগে গত ২৪ মে দুপুরে উপজেলা ধানীসাফা ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামে ইউসুফ শরীফ এবং টিকিকাটা ইউনিয়নের পশ্চিম সেনের টিকিকাটায় আ. কাইয়ূম নামে দুইজন খুন হন।
