পিরোজপুরকে মাদকমুক্ত ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবে জেলা পরিষদ : অধ্যক্ষ আলমগীর হোসেন
পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আজিবন সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় পিরোজপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার রাতে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে তাকে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা দেওয়া হয়।
এসময় অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পিরোজপুর প্রেসক্লাব আমার দীর্ঘদিনের কর্মস্থল এবং আবেগের জায়গা। জেলা পরিষদের প্রশাসক হিসেবে পিরোজপুরের সার্বিক উন্নয়নে আমি সবসময় সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা প্রত্যাশা করি। এই সংবর্ধনা আমাকে আরও জনকল্যাণমূলক কাজ করতে উৎসাহিত করবে।
তিনি পিরোজপুর জেলার উন্নয়ন কর্মকান্ড আরও গতিশীল করতে সাংবাদিকদের বিভিন্ন পরামর্শ নিয়ে জেলার সার্বিক উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সমস্যা নিরসনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, পিরোজপুরকে একটি মাদকমুক্ত ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে জেলা পরিষদ কাজ করবে। পাশাপাশি জেলার সুপেয় পানির সমস্যা, মাদক নির্মূল ক্যাম্পেইনসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনার আশ্বাস দেন তিনি।
প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউল হক এর সঞ্চালনায় সংবধনা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুর চেম্বার অফ কমার্স এর সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহামুদ হোসেন, মুনিরুজ্জামান নাসিম আলী, গৌতম চৌধুরী, এ কে আজাদ, সাবেক আহবায়ক জিয়াউল আহসান, সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, আরিফ মোস্তফা, প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য ওযাহিদুজাজামান বাবু, প্রেসক্লাব সদস্য সোহরাব হোসাইন জুয়েল, নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম সিপার প্রমুখ।
এসময় প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দসহ পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, অধ্যক্ষ আলমগীর হোসেন পিরোজপুর প্রেসক্লাবের একজন অভিভাবক। তিনি বিগত দিনে প্রেসক্লাবের কয়েকবার সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি প্রেসক্লাবের আজীবন সদস্য। সাংবাদিকতা ও সামাজিক ক্ষেত্রে তার বর্ণাঢ্য পদচারণা আমাদের জন্য অনুপ্রেরণার। বর্তমানে জেলা পরিষদের প্রশাসক হিসেবে তার সুদক্ষ নেতৃত্বে পিরোজপুর জেলার উন্নয়ন কর্মকান্ড আরও বেগবান হবে।
সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং তার কর্মকালীন সময় তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
