পিরোজপুরে গভীর রাতে আগুনে পুড়লো ১৪ দোকান
পিরোজপুরে গভীর রাতে আগুন লেগে ১৪টি দোকান পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা ধারণা করা হচ্ছে।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে মুদি, মনোহরি, ফার্মেসি ও ডেকোরেটরসহ ১৪টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। ধারণা করা হচ্ছে একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালান। একই সঙ্গে স্থানীয়রা পিরোজপুর ফায়ার সার্ভিসকে ফোন দিলে ফায়ার স্টেশন কর্মীরা এসে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আগুন নেভানোর কাজ করেন। তবে আগুনের তীব্রতায় বাজারের প্রায় ১৪টি দোকান পুড়ে যায়। তবে এ অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত প্রায় ১টার দিকে একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ১৪টি দোকানে। এতে দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায় এবং প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।
শারিকতলা-ডুমুরিতলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহনাজ পারভীন সোনিয়া জানান, একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে বাজারের বেশীরভাগ দোকারঘরই পুড়ে গেছে। আগুনে ব্যবসায়ীদের সকল মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। ইউনিয়ন পরিষদ থেকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের জন্য সহায়তা করার চেষ্টা করা হচ্ছে।
