নাজিরপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ও প্রণোদনাসহ সঞ্চয়ের অর্থ প্রদান
পিরোজপুরের নাজিরপুরর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের নিয়ে বাল্যবিবাহ ও ইভটিজিং রোধকল্পে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এবং ১১জন কিশোরীকে প্রণোদনাসহ জমাকৃত সঞ্চয়ের অর্থ প্রদান করা হয়েছে।
বুধবার উপজেলার শ্রীরামকাঠি ইউ.জে.কে. মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা ও সঞ্চয়ের অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা। বিশেষ অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. মঞ্জুর এলাহি।
প্রশিক্ষণ কর্মশালায় কিশোরীদের বাল্য বিবাহের কুফল সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
কর্মশালা শেষে শ্রীরামকাঠি ইউ.জে.কে. মাধ্যমিক বিদ্যালয়ের কিশোরী সংঘের ১০০জন শিক্ষার্থীর মধ্যে ১১জন কিশোরীর বয়স ১৮ বছর পূর্ণ হওয়ায় তাদের জমাকৃত সঞ্চয় এবং ২০০% সরকারী প্রণোদনাসহ সঞ্চয়কৃত টাকা চেকের মাধ্যমে ফেরত প্রদান করা হয়। এদিন ১১ জন শিক্ষার্থীর জমাকৃত সঞ্চয় ৮১ হাজার টাকার বিপরীতে ২০০% প্রণোদনাসহ ২ লাখ ৪৩ হাজার টাকার চেক প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা শিক্ষার্থীর হাতে এ চেক তুলে দেন।
পরে কর্মশালায় অংশগ্রহণকারী কিশোরীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উল্লেখ্য, দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় নির্বাচিত বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ১০০ জন ছাত্রীদের নিয়ে কিশোরী সংঘ গঠন করা হয়েছে। এ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা, নেতৃত্ব বিকাশ, বাল্য বিবাহ প্রতিরোধসহ বয়ো:সন্ধিকাল সম্পর্কে সচেতন করা হচ্ছে।
