প্রধান সূচি

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত পিবিপ্রবির একাডেমিক ভবন ও পিরোজপুর সরকারি মহিলা কলেজ উপকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৭১ শতাংশ। একইদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিতির হার ছিল ৪৬ শতাংশ। এর মধ্য দিয়ে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হলো।
পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হেল্প ডেস্ক, জরুরি মেডিকেল সেবা এবং অভিভাবকদের বসার ব্যবস্থা ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ সহ নানা উদ্যোগ নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের এসব উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।
পরীক্ষা চলাকালে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম পরীক্ষা কেন্দ্র ও কন্ট্রোল রুম পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এ সময় পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মুহা: আমিনূর রহমান উপস্থিত ছিলেন।
কেন্দ্র পরিদর্শন শেষে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে এবং দেশের বিভিন্ন স্থানে তাদের যাতায়াতের ভোগান্তি কমেছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে দৃশ্যমান স্থানে রোল নম্বর, কেন্দ্র ও ভবন নির্দেশক টাঙানো হয়। ভবনের প্রবেশমুখে আইন-শৃঙ্খলা উপকমিটির সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করে। এছাড়াও হেল্প ডেস্ক, অভিভাবকদের জন্য বিশ্রামাগার ও বিশুদ্ধ খাবার পানিসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, শুক্রবার দেশের মোট ২১টি কেন্দ্রে একযোগে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারাদেশের প্রায় দেড় লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এর আগে গত ২৭ মার্চ ‘সি’ ইউনিট (মানবিক) এবং ৩ এপ্রিল ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial