প্রধান সূচি

অবহেলা ও রাজনৈতিক কারণে খাল খনন কার্যক্রম বন্ধ ছিল : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সেহেল মনজুর বলেছেন, বাংলাদেশের বিভিন্ন খাল দীর্ঘদিন অবহেলা ও রাজনৈতিক কারণে খনন কার্যক্রম বন্ধ ছিল। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ খালগুলো পর্যায়ক্রমে পুন:খনন শুরু করা হয়েছে। এক সময় দেশের উন্নয়ন ও কৃষি ব্যবস্থার সঙ্গে খাল কাটা কর্মসূচি ওতপ্রোতভাবে জড়িত ছিল। কিন্তু পরবর্তী সময়ে খাল না কাটায় সেগুলো ভরাট হয়ে যায় কিংবা দখল হয়ে পড়ে। অথচ কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পানি নিষ্কাশনের জন্য খাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সোমবার সকাল ১১টায় পিরোজপুরের ভান্ডারিয়া ভুবেনশ্বর ব্রিজ সংলগ্ন মোল্লার খাল পুন:খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর খালকাটা কর্মসূচির আলোকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারাদেশের ৫৪টি জেলায় একযোগে খাল পুন:খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এরই অংশ হিসেবে ভান্ডারিয়ায় মোল্লার খাল পুন:খননের কাজ শুরু হয়েছে।
তিনি আরও বলেন, এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল বন্ধ হয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধার করা। কিন্তু বিভিন্ন স্থানে খাল ভরাট করে অবৈধভাবে বসতি গড়ে তোলা হয়েছে কিংবা ব্যক্তিগত স্বার্থে খালের প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি এ বিষয়ে স্থানীয় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকারের এই উদ্যোগের সুফল পেতে হলে খালগুলোর রক্ষণাবেক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, গত সপ্তাহে সরকার ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু করেছে। এই কর্মসূচি নিয়ে একটি মহল নানা ধরণের সমালোচনা করেছিল এবং এটিকে ভাওতাবাজি বলে আখ্যা দিয়েছিল। কিন্তু বাস্তবে এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবে।
তিনি আরও বলেন, কেউ কেউ বিভিন্ন সময় ‘জান্নাতের টিকিট’ নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এবং নানা ধরণের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু সরকার জনগণের সঙ্গে কোনো ধরনের ভাওতাবাজি করেনি। ফ্যামিলি কার্ড কার্যক্রমই তার প্রমাণ।
তিনি বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ধাপে ধাপে বিভিন্ন সামাজিক কর্মসূচি চালু করা হচ্ছে। আগামী ১৪ এপ্রিল থেকে কৃষক কার্ড কার্যক্রমও চালু করা হবে।
পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, সেনাবাহিনীর মেজর ইসরাফ হোসাইন, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পার্থ প্রমিত সাহা, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উজ্জ্বল হালদার প্রমুখ।
প্রতিমন্ত্রী এদিন দুপুরে জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ৩৭নং শংকরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
এসময় তিনি বলেন, ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে দেওয়া নির্বাচনী ওয়াদা পূরণ করতে শুরু করেছেন। তিনি বলেন, এখনো ভোট দেওয়ার কালি মুছে যায়নি। একমাসও যায়নি। এর মধ্যেই নির্বাচনী যে ওয়াদা দিয়েছিলেন তা পূরণ করতে শুরু করেছেন। প্রধানমন্ত্রী ১০ হাজার টাকার কৃষিঋণ মওকুফে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেটা করা হয়েছে। ফ্যামিলি কার্ড শুরু হয়েছে। ইমামদের উপহার দেওয়া, খাল কাটা কর্মসূচি শুরু হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার কথায় না, কাজে বিশ্বাসী। দেশের ১৮ কোটি মানুষের প্রত্যাশা পূরণ করা সরকারের লক্ষ্য। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। বিএনপির সরকার সকলের সমান অধিকার ও উন্নয়ন নিশ্চিত করবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মো. আসদুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ রাসেল, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।
পরে তিনি কাউখালী উপজেলার পরিষদ হলরুমে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা সমন্বয় সভায় বক্তব্য রাখেন।
একই দিন তিনি উপজেলার অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও খেজুর বিতরণ এবং বিকেলে কাউখালী উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যোগদান করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial