প্রধান সূচি

সমস্যা কাটিয়ে দৃশ্যমান পিরোজপুরের ভান্ডারিয়া টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রকল্প : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি বলেছেন, ভান্ডারিয়ায় নির্মাণাধীন টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রকল্পটি নানা সমস্যার কারণে কিছুটা বিলম্বিত হয়েছে। পূর্বে প্রকল্পটি নিয়ে কিছু জটিলতা ও মামলার বিষয় ছিল। তবে বর্তমানে সেই সমস্যাগুলো অনেকটাই কাটিয়ে ওঠা গেছে এবং কাজ দৃশ্যমান পর্যায়ে এসেছে।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পের পাইলিং কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং নির্মাণকাজ এগিয়ে চলছে। আশা করা হচ্ছে নির্ধারিত সময় অনুযায়ী ২০২৭ সালের জুনের মধ্যেই ইনস্টিটিউটটির নির্মাণকাজ সম্পন্ন হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পাট আমাদের ঐতিহ্য। একসময় পাট শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এ খাত কিছুটা পিছিয়ে পড়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, ২০০১ সালের পর থেকে প্লাস্টিকের ব্যবহার বেড়ে যাওয়ায় পাটের ব্যবহার কমে গেছে। পরিবেশ সুরক্ষা এবং পাট শিল্পকে পুনরুজ্জীবিত করতে মানুষকে চট ও পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং বন্ধ পাটকলগুলো চালু করা ও কর্মসংস্থান সৃষ্টি করার বিষয়টি সরকারের ভাবনায় রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, পিরোজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার প্রমুখ।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী বাইপাস সড়ক সংলগ্ন এক একর জমির ওপর প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এখানে একটি ৪তলা একাডেমিক ভবনসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ করা হবে। বস্ত্র অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পিরোজপুর গণপূর্ত বিভাগ প্রকল্পটির নির্মানকাজ বাস্তবায়ন করছে। নির্মাণ কাজের কার্যাদেশ দেওয়া হয় ১২ ফেব্রুয়ারি ২০২৫ সালে এবং একই দিনে কাজ শুরু হয়। ঠিকাদার হিসেবে নির্মাণকাজ করছে ডেলটা ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসোর্টিয়াম লিমিটেড।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial