প্রধান সূচি

নারীদের বাদ দিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয় : উপাচার্য ড. মো. শহীদুল ইসলাম

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) ‘অধিকার, ন্যায্যতা ও পদক্ষেপ : সব নারী ও কন্যার জন্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, নারীরা আমাদের সমাজ উন্নয়নের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বাংলাদেশের নারীরা কোনো অংশে পিছিয়ে নেই। হিমালয় জয়ের মতো সাহসী অর্জন থেকে শুরু করে খেলাধুলা, তথ্যপ্রযুক্তি, গবেষণাসহ অন্যান্য চ্যালেঞ্জিং কাজেও আমাদের দেশের নারীরা সমানভাবে এগিয়ে যাচ্ছেন।
বর্তমান সময়েও নারীদের প্রতি সহিংসতা ও বৈষম্যের ঘটনা উদ্বেগজনক বলে উল্লেখ করে উপাচার্য বলেন, সাইবার বুলিং থেকে শুরু করে পারিবারিক সহিংসতার মতো নানা সমস্যায় দেশের বিভিন্ন প্রান্তে নারীরা এখনও নির্যাতনের শিকার হচ্ছেন। কেবল আইন করলেই এসব সমস্যার সমাধান সম্ভব নয়। আইনের যথাযথ প্রয়োগ এবং মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তনও জরুরি বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, এক পা দিয়ে যেমন দ্রুত দৌঁড়ানো যায় না, দুই পায়ের প্রয়োজন হয়, তেমনি নারী-পুরুষ একসাথে কাজ করলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। নারী-পুরুষ সমানভাবে অংশগ্রহণ করলেই কেবল একটি রাষ্ট্রের টেকসই উন্নয়ন নিশ্চিত করা যায়। নারীদের বাদ দিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়।
এ সময় তিনি পরিবার ও সমাজে নারীদের সম্মান, সহযোগিতা এবং তাদের সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। এর পাশাপাশি ভবিষ্যতে আরও বড় পরিসরে নারী দিবস পালন করার আশাবাদ ব্যক্ত করে বলেন, এমন আয়োজনে নারীদের আরও বেশি সম্পৃক্ত করা এবং তাদের অবদানের স্বীকৃতি দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
সাইকোলজি বিভাগের প্রভাষক রিয়া রায়হানের সঞ্চালনায় এবং নাজমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান, সাইকোলজি বিভাগের চেয়ারম্যান, শারমিন ইসলাম নিপা, পরিসংখ্যান বিভাগের প্রভাষক সুমাইয়া সুলতানা।
এর আগে উপাচার্য ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন। পরে অতিথিবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial