ভান্ডারিয়ায় ১০ মন জাটকাসহ দুটি ট্রলার আটক : ৩ জেলের কারাদন্ড
পিরোজপুরের ভান্ডারিয়ায় জাটকা সংরক্ষণ অভিযানে দুটি মাছ ধরার ট্রলার আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার ভোর ৬টার দিকে কঁচা নদীতে বিশেষ অভিযান চালিয়ে এফ বি মায়ের দোয়া ও এফ বি সোলায়মান নামের ট্রলার দুটি জব্দ করা হয়। অভিযানের সময় ট্রলার দুটি থেকে প্রায় ১০ মন জাটকা মাছ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা আহরণ ও পরিবহন করা হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে নদীর বিভিন্ন পয়েন্টে নজরদারি জোরদার করা হয়। একপর্যায়ে কঁচা নদীতে সন্দেহভাজন দুটি ট্রলার আটক করে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়।
আটক ট্রলারে থাকা সবুজ হোসেন (৩৫), নুরুল ইমন সিকদার (৪২) এবং হোসেন খান (২৫)কে ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়। উদ্ধারকৃত জাটকাগুলো স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার জানান, জাটকা নিধন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং মৎস্য সম্পদ রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কর্মকর্তা মো. রাজু আহম্মেদ জানান, নদী ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে।
