পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার
পিরোজপুরের ভান্ডারিয়ায় অস্ত্র ও গুলিসহ মো. আলীম খান (৪৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার দুপুরে পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকায় অভিযান চালায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। এসময় উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের ফারজানে রাসুল জামে মসজিদ এলাকার নির্মানাধীন ইট সলিং রাস্তার সামনে গেলে মো. আলীম খান নামের ঐ ব্যক্তি দৌঁড়ে পালিয়ে যেতে গেলে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য মতে তার বসতঘরের নিজ শয়ন কক্ষের খাটের তোষকের নিচ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
