প্রধান সূচি

পুলিশের নতুন আইজিপি বাগেরহাটের আলী হোসেন ফকির

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাগেরহাটের কৃতি সন্তান এপিবিএন প্রধান মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পুলিশ-১ শাখা থেকে জারি এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। মো. আলী হোসেন ফকির বাগেরহাটের চিতলী বৈটপুর গ্রামের ব্যবসায়ী নূর মোহাম্মদ ফকির ও গোলাপজান দম্পতির বড় ছেলে। দুই ভাই ও এক বোন নিয়ে তাদের পরিবার।
মো. আলী হোসেন ফকির বাগেরহাট আমলাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৫ সালে এসএসসি পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট এ বি.কম অনার্স, এম.কম এবং এমবিএ ডিগ্রী লাভ করেন।
কর্ম জীবনে তিনি অত্যন্ত সুনামের সাথে ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, ডিআইজি এসপিবিএন হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও উপ-পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা, পুলিশ সুপার নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলা সমূহ, কমান্ড্যান্ট আরআরএফ সিলেট এবং অধিনায়ক হিসেবে ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা, ৭ এপিবিএন সিলেট এর দায়িত্ব পালন করেছেন।
তিনি বাংলাদেশ পুলিশের হয়ে কসোভো ও আইভরি কোস্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন। তিনি প্রশিক্ষণ এবং সরকারি কাজে যুক্তরাষ্ট্র, চীনসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেন। বর্তমানে তিনি পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি, ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, ১৫তম বিসিএস পুলিশ ফোরামের আহ্বায়ক, খুলনা ক্লাব এবং ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য।
এছাড়াও এপিবিএন স্কুল এন্ড কলেজ, ঢাকার সভাপতি, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সভাপতি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত আছেন।
রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসনামলে প্রথমবার চাকরিচ্যুত, পরেরবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় আলী হোসেন ফকিরকে। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অর্ন্তবর্তী সরকার গঠিত হলে আইনী প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial