পিরোজপুরে দুই বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা : কুপিয়ে মারাত্মক জখম
পিরোজপুরে সন্ত্রাসীদের হামলায় বিএনপির দুই নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। রবিবার রাত ১১টার দিকে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। এসময় তারা মোটর সাইকেলযোগে শংকরপাশা গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন।
আহতরা হলেন- পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাছির এবং তার ভাতিজা শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মল্লিক নিপু।
মহিউদ্দিন মল্লিক নাছির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের পক্ষে পিরোজপুর সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আহত রিয়াজ উদ্দিন মল্লিক নিপু জানান, মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে ৮ থেকে ১০টি মোটর সাইকেলে করে আসা একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাদের গতিরোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভন্ন স্থানে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. রাজিব পাইক জানান, আহত দুইজনের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা রেফার করা হয়েছে।
আহত বিএনপি নেতা নাছির মল্লিকের ছোট ভাই লাভলু মল্লিক বলেন, মুখোশধারী সন্ত্রসীরা হত্যার উদ্দেশ্যে আমার ভাইকে কুপিয়ে আহত করেছে। কারা কি কারণে হামলা করেছে এ বিষয় আমরা জানার চেষ্টা করছি।
ঘটনার পর রাতেই পিরোজপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার নাসরিন জাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, হামলার কারণ ও হামলাকারীদের সনাক্তের চেষ্টা চলছে।
পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক ও বিএনপির পরাজিত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন হামলায় ঘটনার নিন্দ্রা জানিয়ে বলেন, জেলা বিএনপির সাবেক আহবায়ক নাছির মল্লিকের ওপর হামলার ঘটনাটি নির্বাচনের কারণে কিনা সেটা পুলিশ খতিয়ে দেখছে। তিনি জানান, আমরা আইন হাতে তুলে নেব না। বিএনপির চেয়ারম্যানের নির্দেশ- অপ্রীতিকর কোন ঘটনা ঘটানো যাবে না। আইন আইনের গতিতে চলবে।
পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত জানান, রাতের আধারে সন্ত্রাসীরা বিএনপি নেতা নাছির মল্লিকসহ দ্ইুজনকে কুপিয়ে আহত করেছে। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের চিকিৎসা চলছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
