সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : নির্বাচন কমিশনার সানাউল্লাহ
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি আমাদের জাতির জীবনে একটি ঐতিহাসিক মাইলফলক।
শনিবার সন্ধ্যায় পিরোজপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল ও ভিজিলেন্স অবজারভেশন টিমের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এই নির্বাচনের সঙ্গে দেশের গণতান্ত্রিক উত্তরণ ছাড়াও স্থিতিশীলতা, সামাজিক শান্তি, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের বিষয়গুলো গভীরভাবে সম্পৃক্ত। এতো গুরুত্বপূর্ণ একটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
