পিরোজপুরে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে পিরোজপুর-১ আসনের দুই প্রার্থীর অঙ্গিকার
কোন সন্ত্রাসীকে প্রশ্রয় দেব না এবং টাকা দিয়ে ভোট কিনবো না
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের মুখোমুখি হয়েছেন পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনের প্রতিদ্বন্দ্বি বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই সংসদ সদস্য প্রার্থী।
গতকাল শনিবার দুপুর ১২টায় শহরের টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বক্তব্য রাখেন এবং উপস্থিত বিভিন্ন শ্রেণি পেশার মানুষের প্রশ্নের উত্তর দেন।
সুজন এর পিরোজপুর জেলা সভাপতি মুনিরুজ্জামান নাসিমের সভাপতিত্বে এবং সুজন খুলনা বিভাগীয় সমন্বয়ক মাসুদুর রহমান রঞ্জু’র সঞ্চলানায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম খান ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জহিরুল হক। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, এনসিপির সদস্য সচিব মো. আল আমিন খানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে দুই প্রার্থী তাদের রাজনৈতিক অবস্থান, নির্বাচনী অঙ্গীকার ও এলাকার উন্নয়ন ভাবনা তুলে ধরেন।
প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থী আগামী নির্বাচনে কেউই কোন সন্ত্রাসীকে তাদের কাজে ব্যবহার করবেন না, সন্ত্রাসকে প্রশ্রয় দেবেন না, কোন রকম টাকা-পয়সা দিয়ে ভোট কেনা-বেচা করবেন না বলে অঙ্গিকার করেন।
এছাড়া আগামীতে তারা কেউ কালো টাকার মালিক হবেনা এবং প্রতি বছর তারা তাদের আয়-ব্যয়ের হিসাব জনগনের সামনে প্রকাশ করবেন এই অঙ্গিকারও ব্যক্ত করে সুজনের একটি প্রতিশ্রুতি পত্রে স্বাক্ষর করেন তারা। এসময় প্রার্থীরা বলেন, নির্বাচনে যে জিতুক যে হারুক পরাজিত প্রার্থী ফুল দিয়ে একে অপরকে বরণ করে নিয়ে আগামী দিনে পিরোজপুরের উন্নয়নে একসাথে কাজ করবেন।
পরে দুই প্রার্থী ও মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ একে অপরের হাত ধরে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের শপথ নেন।
