পিরোজপুরে শুরু হলো অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
পিরোজপুরে মাঠে গড়িয়েছে অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টটি জেলা প্রশাসন ও জেলা ফুটবল এসোসিয়েশন পিরোজপুরের বাস্তবায়নে অনুষ্ঠিত হচ্ছে।
জোনভিত্তিক এই প্রতিযোগিতায় খুলনা ও বরিশাল বিভাগের মোট ৮টি জেলার দল অংশ নিচ্ছে। ‘কীর্তনখোলা’ জোনের আওতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে।
বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর জেলা স্টেডিয়ামে পিরোজপুর একাদশ ও ভোলা একাদশের মধ্যকার উদ্বোধনী ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয়। আগামী ২৪ জানুয়ারি কীর্তনখোলা জোনের খেলা শেষ হওয়ার মাধ্যমে এ পর্বের চ্যাম্পিয়নশিপের পর্দা নামবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের পর পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঞা জনী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার কৌশিক মন্ডল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ফুটবল এসোসিয়েশন পিরোজপুরের সভাপতি এডভোকেট রেজাউল করিম মিটুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. লিটন খান।
আয়োজকরা জানান, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করে তাদের জাতীয় পর্যায়ে প্রস্তুত করাই এ টুর্নামেন্টের মূল লক্ষ্য। জেলা পর্যায়ে ট্যালেন্ট হান্টিংয়ের মাধ্যমে উদীয়মান খেলোয়াড়দের বিকাশে এই চ্যাম্পিয়নশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
