পিরোজপুর হানাদার মুক্ত দিবস পালিত
গর্ব, শ্রদ্ধা ও স্মৃতির আবেগে আজ ৮ ডিসেম্বর পালিত হচ্ছে পিরোজপুর হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে দীর্ঘ আট মাসের দখলদারিত্ব ভেঙে পিরোজপুর মুক্ত হয় পাক হানাদার বাহিনীর হাত থেকে। শহর ও গ্রামবাংলার সর্বত্র উড়ে ওঠে লাল-সবুজের বিজয় পতাকা। মুক্ত মানুষের বুক ভরে ওঠে স্বাধীনতার উচ্ছ্বাসে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সোমবার সকাল সাড়ে ৯টায় পুরাতন কালেক্টরেট ভবন থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বলেশ্বর খেয়াঘাট এলাকার শহিদ বেদীতে গিয়ে শেষ হয়। এরপর সকাল ৯টা ৪৫ মিনিটে বলেশ্বর নদী খেয়াঘাটের শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়ার মাধ্যমে স্মরণ করা হয় মুক্তিযুদ্ধের বীর শহীদদের।
এসব কর্মসূচিতে পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ, নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শেণিপেশার মানুষ অংশ গ্রহণ করেন। র্যালিতে মুক্তিযুদ্ধের ৭জন বীরশ্রেষ্ঠের ছবিসহ প্লাকার্ড ও জাতীয় পতাকা হাতে হাতে শোভা পায়।
