পিরোজপুরে সাবেক এমপি সুধাংশু শেখর হালদারের বাড়িতে চুরি : দুই ভাড়াটিয়ার বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল লুট
পিরোজপুর পৌরসভার পালপাড়া এলাকায় সাবেক এমপি সুধাংশু শেখর হালদারের বাড়ির দুই ভাড়াটিয়ার বাসায় চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে, রবিবার দিবাগত রাত ৩টার দিকে ৩/৪ জনের একটি চোরের দল বাড়ির নিঁচতলার ভাড়াটিয়া এডভোকেট স্বপন কুমারের রান্নাঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন ও ব্যাংকের কাগজপত্রসহ মূল্যবান কাগজপত্র নিয়ে যায়।
এডভোকেট স্বপন কুমারের স্ত্রী বাসনা রানী জানান, রাত ৩টার দিকে চোরের দল গ্রিল কেটে ঘরে ঢুকে তাদের অস্ত্রের মুখে আমাকে ও আমার স্বামীর হাত-পা-মুখ বেঁধে ফেলে ১১ ভড়ি স্বর্ণালংকার, নগদ টাকা, ১টি মোবাইল ফোন, ব্যাংকের কাগজপত্র, এনআইডি কার্ডসহ গুরুত্বপূর্ন কাগজপত্র নিয়ে গেছে।
তিনি আরও জানান, তাদের বাসায় চুরির পর একই ভবনের দ্বোতালায় অপর ভাড়াটিয়া বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গৌতম নারায়ণ রায় চৌধুরীর বাসার তালা ভেঙ্গে ঘরে ঢুকে মালামাল নিয়ে যায়।
গৌতম নারায়ণ রায় চৌধুরী চিকিৎসার জন্য পরিবার নিয়ে বরিশাল রয়েছেন। তিনি জানান, ঘটনার সময় বাসা তালাবদ্ধ ছিল। চোরের দল বাসার ৭/৮টি তালা কেটে ও ভেঙ্গে বাসার সবগুলো কক্ষ তছনছ করেছে বলে শুনেছি। তবে কি কি মালামাল নিয়ে গেছে তা জানি না।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি রবিউল ইসলাম জানান, পালপাড়া এলাকায় একটি চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
