প্রধান সূচি

শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতি বন্ধ করতে হবে : ছারছীনার পীর ছাহেব

আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন, দেশে আজ বিভিন্ন ধরণের অরাজকতা বিরাজমান। এর একমাত্র কারণ হলো দলীয় রাজনীতি, যার কারনে সমাজ আজ কলুষিত। শিক্ষা প্রতিষ্ঠানে প্রকৃত শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে এই দলীয় রাজনীতি। পরিবেশ ফিরিয়ে আনতে হলে সমস্ত শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতি বন্ধ করতে হবে।
রবিবার ছারছীনা দরবার শরীফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিলের ২য় দিন বাদ জোহর উপস্থিত লাখো লাখো ভক্ত মুরীদানদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, এ দেশের ইসলামী শিক্ষার বিস্তারে ছারছীনা দরবার শরীফের ভূমিকা সার্বজনীনভাবে স্বীকৃত। সমাজে একদল লোক রয়েছে যারা আমাদের পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত বিভিন্ন মাদ্রাসাসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহে দখলদারিত্বের উৎসবে মেতে উঠছে। এদেরকে অপসারণ করে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে শিক্ষাঙ্গনের পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, বাংলাদেশ জমিয়াতুল মোদারেছিন এর সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক আলহাজ্ব এ. এম. এম বাহাউদ্দীন, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মাওলানা শাহ মো. নেছারুল হক।
মাহফিলে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা করেন, ছারছীনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. রুহুল আমিন আফসারী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মো. মামুনুল হক, ছারছীনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মো. সিরাজুম মুনীর তাওহীদ, ঢাকা দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মো. আবদুল লতিফ শেখ, বাংলাদেশ যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা কাজী মুহা: মফিজ উদ্দীন প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial