প্রধান সূচি

পিরোজপুরে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড’র বরিশাল অঞ্চলের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৫ এর বরিশাল অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা। শুক্রবার পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এবং বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।
শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী, কলামিস্ট ও লেখক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে অতিথিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিযোগীদের অংশগ্রহণে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ কায়কোবাদ গণিতভীতি দূর করে গণিতে উৎকর্ষ অর্জনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, মানুষের মস্তিষ্ক সবচেয়ে দামী বস্তু। কিন্তু আমরা এই মস্তিষ্কের সঠিক পরিচর্যা করতে পারছি না। এই ধরণের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মস্তিষ্ক ও তাদের চিন্তাশক্তি আরও বিকশিত হবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম সকল প্রতিযোগী ও শিক্ষকবৃন্দকে গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করার জন্য শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভালো ফলাফল অর্জন করলেই জীবনে সফলতা আসে না। সফলতার জন্য বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হবে। গণিত অলিম্পিয়াডের মাধ্যমে তোমরা সেই দক্ষতা অর্জন করার সুযোগ পাবে। এ সময় তিনি পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের এ ধরনের আয়োজনে নিয়মিত অংশগ্রহণের আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুপুর সোয়া ২টায় প্রশ্নোত্তর পর্ব এবং বিকেল ৪টায় ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এ সময় অতিথিরা আঞ্চলিক পর্বের সেরা ১০ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। আঞ্চলিক পর্বের বিজয়ী শিক্ষার্থীরা আগামী ৫ ডিসেম্বর ঢাকায় স্নাতক গণিত অলিম্পিয়াডের জাতীয় পর্বে অংশ নেবে।
বরিশালের আঞ্চলিক পর্বে বিজয়ী শিক্ষার্থীরা হলেন- বরিশাল বিশ্ববিদ্যালয়ের জাকিয়া আক্তার রিভা, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাসিবুল ইসলাম শান্ত, বরিশাল বিশ্ববিদ্যালয়ের তানজিলা আক্তার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুমতাসিন আহমেদ পরাগ, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুমতাহিনা রহমান, মো. নাফিস হাসান, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রিয়া কুন্ডু, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সুমাইয়া আক্তার বাবলী, শিপন কুমার ঘোষ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. ফিরোজ হোসেন সজীব।
উল্লেখ্য, বরিশাল অঞ্চলের আঞ্চলিক পর্বে বরিশাল বিভাগ এবং গোপালগঞ্জ ও ফরিদপুর জেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল- পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজ, বরিশালের সরকারি বিএম কলেজ, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশালের ট্রাস্ট ইউনিভার্সিটি, বরিশালের গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, ভোলা সরকারি কলেজ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ও গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial