পিরোজপুর-১ আসনে বিএনপির প্রার্থীতা নেই : নেতা-কর্মীদের মধ্যে নানা জল্পনা-কল্পনা
পিরোজপুর জেলার ৩টি আসনের মধ্যে পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ উপজেলা) এবং পিরোজপুর-৩ (মঠবাড়িয়া উপজেলা) এই ২টি আসনের বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে।
তবে পিরোজপুর-১ (পিরোজপুর-নাজিরপুর-ইন্দুরকানী উপজেলা) আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
সোমবার গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় ২৩৭ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তালিকা অনুযায়ী, পিরোজপুর জেলার ৩টি আসনের মধ্যে পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ উপজেলা) এবং পিরোজপুর-৩ (মঠবাড়িয়া উপজেলা) এই ২টি আসনের বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। পিরোজপুর-১ (পিরোজপুর-নাজিরপুর-ইন্দুরকানী উপজেলা) আসনে কোন প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
পিরোজপুর-২ আসনে দলের মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলাম মঞ্জুর ছেলে, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর এবং পিরোজপুর-২ আসনে মনোনয়ন পেয়েছেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. রুহুল আমিন দুলাল।
এদিকে, পিরোজপুর-১ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা না করায় দলের নেতা-কর্মীদের মধ্যে নানা জল্পনা-কল্পনা তৈরী হচ্ছে। অনেকে ধারণা করছেন এ আসনটি জোটের মধ্যে ভাগাভাগি হতে পারে। সেক্ষেত্রে জোটের শরিক দলের কোন প্রার্থীকে ছেড়ে দেওয়া হতে পারে এ আসনটি এমনই জল্পনা-কল্পনা চলছে নেতা-কর্মীদের মাঝে।
জানা গেছে, বিএনপির সাথে জোটের মধ্যে আসন ভাগাভাগি হলে পিরোজপুর-১ আসনে বিএনপি নেতৃত্বাধীন ১২ দলীয় জোটের শরিক দল জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও এমপি মোস্তফা জামাল হায়দারকে ছেড়ে দিতে পারে বিএনপি।
তবে বিএনপির নেতা-কর্মীরা মনে করেন- বিগত দিনে বেশ কয়েকটি সংসদ নির্বাচনে জোটের শরিক দলকে প্রার্থীতা ছেড়ে দেওয়ায় পিরোজপুরে বিএনপির সাংগঠনিক অনেক ক্ষতি হয়েছে। তাই পিরোজপুরের এ গুরুত্বপূর্ন আসনটিতে আগামী নির্বাচনে দলীয় প্রার্থীতা চান নেতা-কর্মীরা।
এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা বলেন, জেলা সদরের সাথে সম্পৃক্ত হওয়ায় পিরোজপুর-১ আসনটি অনেক গুরুত্বপূর্ন। এ আসনে বিএনপির দলীয় প্রার্থী একান্ত দরকার। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্বার্থে, রাজনীতির স্বাথে, দেশের স্বার্থে যে সিদ্ধান্ত নেবেন তা পিরোজপর বিএনপির প্রতিটি নেতা-কর্মী মেনে নেবে। তিনি সবদিক বিবেচনা করে সঠিক সিদ্ধান্তই নিবেন।
উল্লেখ্য, পিরোজপুর-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর জেলা বিএনপির বর্তমান আহবায়ক নজরুল ইসলাম খান, পিরোজপুর জেলা বিএনপির বর্তমান সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং পিরোজপুর জেলা বিএনপির বর্তমান যুগ্ম আহবায়ক এলিজা জামান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক হাফিজ আল আসাদ সাঈদ খান।
