পিরোজপুরে ১৮৮৫ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
পিরোজপুরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ১৮৮৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি বিভাগের হলরুমে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এস এম আল আমিন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শতু বিশ্বাস, জেলা জামায়াতে ইসলামীর এ্যাসিস্টান্ট সেক্রেটারী আব্দুর রাজ্জাক, সদর উপজেলা কৃষক দলের সভাপতি মো. পারভেজ হোসেন প্রমুখ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থ বছরের আওতায় রবি মৌসুমে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার মোট ১ হাজার ৮৮৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ২০২৫-২০২৬ অর্থ বছরের আওতায় রবি কৃষি মৌসুমে গম, সরিষা, সুর্যমুখী, চিনাবাদাম, মুখ ও খেসারী, সয়াবিন, পিয়াজ, ফসল এবং লাউ, বেগুন, মিষ্টি কুমড়া, শশাসহ মিশ্র সবজি আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার ১ হাজার ৮৮৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রণোদনা হিসেবে বীজ ও সার প্রদান করা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত হোসেন জানান, কর্মসূচির আওতায় পিরোজপুর সদর উপজেলার ৭টি ইউনিয়ন ও পিরোজপুর পৌরসভার মোট ১ হাজার ৮৮৫জন কৃষককে বিভিন্ন প্রকার ফসল ও সবজির বীজ ও সার প্রদান করা হচ্ছে। বুধবার এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে কর্মসূচির অর্ন্তভুক্ত সকল কৃষককে এ প্রণোদনার সহায়তা পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, উপকূলীয় এ উপজেলায় সরকার ভর্তুকি দিয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে এ প্রনোদনা দিচ্ছেন। এটি সঠিকভাবে কৃষকরা কাজে লাগাতে পারলে এ অঞ্চলে কৃষিতে বিপ্লব ঘটবে। কৃষকদের মাধ্যমে দেশ এগিয়ে যাবে।
