প্রধান সূচি

সুশাসন পেতে হলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে : মাসুদ সাঈদী

পিরোজপুর-১ (পিরোজপুর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলার সাবেক চেয়ারম্যান, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেছেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে গত ৫৪ বছরে যারা দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন, তারা শাসনের নামে অপশাসন করেছেন, উন্নয়নের নামে দুর্নীতি করেছেন এবং গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র কায়েম করেছেন। তাই সুশাসন পেতে হলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
‎রবিবার পিরোজপুরের নাজিরপুর উপজেলার ২নং মালিখালি ইউনিয়নে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‎
মাসুদ সাঈদী বলেন, সুশাসন কোনো বিলাসিতা নয়, এটি একটি জাতির অগ্রগতির মূলভিত্তি। কিন্তু দু:খজনকভাবে আমাদের প্রিয় মাতৃভূমি জন্মলগ্ন থেকেই সুশাসনের অভাবে ভুগছে। ব্রিটিশ শাসনামল থেকেই আমাদেরকে সুশাসনের নামে শোষণ ও প্রতারণা করা হয়েছে। স্বাধীনতার এত বছর পরও আমরা প্রকৃত অর্থে স্বাধীন হতে পারিনি। কারণ আমরা যাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছি, তারা জনগণের সেবা না করে নিজেদের স্বার্থসিদ্ধির রাজনীতি করেছে। তাই এ অবস্থার পরিবর্তন আনতে হলে প্রথমেই আমাদের সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। এমন নেতৃত্ব-যারা ক্ষমতার লোভে নয়, বরং দেশ ও জাতির কল্যাণে কাজ করবে, যারা সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধি, জনগণের সুখ-দু:খের অংশীদার এবং জনগনের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম।
‎তিনি আরও বলেন, সুশাসনের মূল ভিত্তি হলো ন্যায়, জবাবদিহিতা ও সততা। যদি নেতৃত্ব সৎ না হয়, প্রশাসন কখনও দুর্নীতিমুক্ত হতে পারে না। যদি নেতৃত্ব দেশপ্রেমিক না হয়, জাতি কখনও আত্মমর্যাদার আসনে পৌঁছাতে পারে না। তাই এখনই সময়-আমাদের এমন নেতৃত্বকে প্রতিষ্ঠা করতে হবে, যারা সুশাসনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে।
মাসুদ সাঈদী বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচন হবে বাংলাদেশকে গড়ার নির্বাচন, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার নির্বাচন, বাংলাদেশে ইনসাফ কায়েমের নির্বাচন, গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন। তাই দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মালিখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহাবুদ্দিন ফকিরের সভাপতিতে ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারী মো. জহিরুল হক, ‎নাজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, ‎বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের পিরোজপুর জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আমিরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী কাজী মোসলেহ উদ্দিন, ‎যুব বিভাগের উপজেলা সভাপতি মোস্তাফিজুর রহমান, ‎বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাজিরপুর উপজেলা সভাপতি মো. আবু হানিফ, ২নং মালিখালি ইউনিয়ন সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আবু নেওয়াজ, ইউনিয়ন সেক্রেটারি ওমর ফারুক, ইউপি সদস্য নাজমুল হাওলাদার, নাসিরুদ্দিন শেখ, তপন কুমার মন্ডল, সুজিত গাইন, নাসিম শেখ, শহিদুল ইসলাম, মনোজ কান্তি মন্ডল, নাসরিন আক্তার, শোভা রানী মন্ডল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial