পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড
পিরোজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন পিরোজপুরের আদালত। দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান আসামীর উপস্থিতিতে এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত আসামী হলেন- বরগুনা জেলার বেতাগী উপজেলার ভোরা গ্রামের মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে মো. ফিরোজ আলম। আদালত আসামীকে একই সাথে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৮ মাসের কারাদন্ডাদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, দন্ডপ্রাপ্ত ফিরোজ আলমের সাথে ১৯৯৭ সালে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পৈকখালী গ্রামের মৃত আমীর মল্লিকের মেয়ে বিউটি বেগমের বিয়ে হয়। এ দম্পতির মধ্যে পারিবারিক কলহের জেরে ২০১৯ সালের ৫ অক্টোবর রাতে স্বামী ফিরোজ আলম তার স্ত্রী ৬ সন্তানের জননী বিউটিকে এলোপাথারি কুপিয়ে হত্যা করে। হত্যার দায় থেকে নিজে বাঁচতে জমিজমা নিয়ে বিরোধ থাকা তার প্রতিবেশীদের ফাঁসানোর চেষ্টা করে ফিরোজ।
বোনকে হত্যার ঘটনায় নিহত বিউটির ভাই মো. ইউনুস মল্লিক বাদী হয়ে ফিরোজকে নামীয় এবং কয়েকজনকে অজ্ঞাত আসামী করে ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ ফিরোজকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। পুলিশ তদন্ত করে ফিরোজের বিরুদ্ধে আদালতে চার্জশীট দেয়। সাক্ষ্য প্রমানে সে দোষী সাব্যস্ত হলে আদালত এ রায় দেন।
মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আকন ও আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।
