মঠবাড়িয়ায় পাওনা টাকা চাওয়ায় চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধে আলম হাওলাদার (৭০) নামের এক চা বিক্রেতাকে (চায়ের দোকানী) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার রাতে উপজেলার বড় শৌলা এলাকার সোনা উদ্দিনের বাড়ির সামনে রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত আলম হাওলাদার উপজেলার মিরুখালী ইউনিয়নের বড় শৌলা গ্রামের মৃত হাকিম হাওলাদারের ছেলে।
মঠবাড়িয়া থানা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার রাতে আলম হাওলাদার তার চায়ের দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। স্থানীয়দের ধারণা দোকানের বকেয়া পাওনা টাকা চাওয়ায় মাদকাসক্তরা এই হত্যাকান্ড ঘটিয়েছে।
নিহতের ছোট ছেলে সরোয়ার হাওলাদার জানান, পাওনা টাকার চাওয়ার জন্য বাবাকে কুপিয়ে হত্যা হয়েছে। ঘটনার দিন দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। বকেয়া টাকা নিয়ে আমার সামনে বসে বাবার সাথে অনেক দিন ঝগড়া হয়েছে। আমি বাবার হত্যার বিচার চাই।
এদিকে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ অভিযান চালিয়ে রবিবার রাতেই ৩ জনকে আটক করেছে।
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, হত্যা ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। নিহতের ছেলে বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়না তদন্তের জন্য লাশ পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে।
